প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ । ১১:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করতে চাঁদপুরে সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা

সাইদ হোসেন অপু চৌধুরী

শিক্ষাঙ্গনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের পুরানবাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির পথেও বাধা সৃষ্টি করে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য মাদক অত্যন্ত বিপজ্জনক।

শিক্ষাজীবনের শুরুতে কেউ মাদকের সংস্পর্শে এলে তার শারীরিক ও মানসিক বিকাশ, পড়াশোনার মনোযোগ এবং ভবিষ্যৎ স্বপ্ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মাদকের কারণে শিক্ষার্থীদের মধ্যে হতাশা, অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এবং অপরাধপ্রবণতা বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে বিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের প্রতি যত্নশীল হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সঠিক ধারণা তৈরি এবং সুস্থ বিনোদনের সুযোগ বৃদ্ধি করা গেলে মাদক প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়; এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং মাদক থেকে দূরে থেকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হতে উৎসাহিত করতে হবে। কোনো শিক্ষার্থী মাদকের ঝুঁকিতে পড়লে তাকে অবহেলা বা অপমান না করে সহানুভূতির সঙ্গে সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। তিনি শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার মানসিকতা গড়ে তোলা এবং সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত জীবন গঠনে সচেতন থাকার আহ্বান জানান।

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে এবং চাঁদপুর অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বুলবুল আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম তরুণ, ব্যাংকার মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর মো. মাসুম আলম এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা সাইদ হোসেন অপু চৌধুরী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শম্ভু নাথ নন্দী, সংগঠক ও ক্রীড়াবিদ মিজানুর রহমান।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মাদকের ক্ষতিকর প্রভাব, এর সামাজিক পরিণতি এবং প্রতিরোধের উপায় বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

উল্লেখ্য: বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার পাশাপাশি তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের উৎসাহিত করার কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির এমন উদ্যোগ সচেতনতামূলক এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সকলে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন