শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে চাঁদপুরের শাহরাস্তিতে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমূল হক।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার শ্রী শ্রী মেহার কালীবাড়ি পূজামণ্ডপ ও উপজেলা পরিষদের পশ্চিম পাশে অবস্থিত বর্ধনবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অতিরিক্ত ডিআইজি নাজিমূল হক বলেন, সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের উদ্যোগে পূজামণ্ডপ তৈরি করে ধর্মীয় উৎসব পালন করেন। তবে পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ পুলিশ সারা দেশে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছে।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদে উদ্যাপন করতে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।তিনি আরও বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে মানুষ ধর্মীয় বিষয়ে উদারতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় দিয়ে আসছে। যার যার ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত থাকবে।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটনসহ স্থানীয় পুলিশ প্রশাসন, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, এ বছর শাহরাস্তি উপজেলায় ১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে স্থানীয় সাংসদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদ্যাপন কমিটি সমন্বিতভাবে কাজ করছে।

মোঃ মাসুদ রানা