শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারী। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের কুমারডুগী থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে মহামায়া পশ্চিম বাজার সংলগ্ন দত্ত বাড়িতে গিয়ে পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
উক্ত সার্বজনীন পূজামণ্ডপ কমিটির সভাপতি প্রদীপ চন্দ্রের স্বাগত বক্তব্যে এসময় বক্তব্য রাখেন আসন্ন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারী। তিনি তার বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
তিনি বলেন, এ দেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উদ্যাপিত হয়, সে জন্য আমরা সবাই আন্তরিকভাবে কাজ করছি। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরাও সতর্ক অবস্থানে রয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সহাবস্থান ও উৎসবের নিরাপত্তায় বিশ্বাসী। বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের নিরাপত্তার বার্তাকে সামনে রেখে আমরা জনগণের পাশে থাকতে চাই। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশনায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছেন।
যুবদল নেতা ফয়সাল হাজীর পরিচালনায় এসময় উক্ত সার্বজনীন পূজামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত সহ শাহমাহমুদপুর ইউনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ড যুবদল সহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাসুদ হোসেন