প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ৮:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

ধর্ম ভিন্ন হলেও সব নাগরিকের অধিকার সমান: প্রকৌশলী মমিনুল হক এমপি

মোঃ মাসুদ রানা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন প্রকৌশলী মমিনুল হক এমপি  শাহরাস্তি পৌর এলাকার সাতটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পূজার সার্বিক খোঁজখবর গ্রহণ এবং ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তিনি একে একে মেহের কালীবাড়ি, পালপাড়া, নিজমেহার দক্ষিণপাড়া, ছিখটিয়া ঠাকুরবাড়ি, ছিখটিয়া কবিরাজবাড়ি, উপলতা পুরোহিতবাড়ি ও নাওড়া ঠাকুরবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি মমিনুল হক বলেন, সব মানুষ সমান। সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। ধর্মীয় বিশ্বাস ও উপাসনার ধরন ভিন্ন হতে পারে, কিন্তু নাগরিক হিসেবে সবার অধিকার, মর্যাদা ও নিরাপত্তা সমান। ধর্মের ভিন্নতাকে বিভেদের কারণ না করে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং সমান অধিকার নিয়ে বসবাস করবেন।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের উদ্যোগ ও অর্থায়নে দুর্গাপূজার আয়োজন করেন। এটি একটি ব্যয়বহুল ধর্মীয় উৎসব। অনেক ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতার কারণে পূজার আয়োজন ও মণ্ডপের উন্নয়নকাজে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সব ধর্মের মানুষের উৎসব নির্বিঘ্নে পালনে সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
এমপি বলেন, পূজামণ্ডপগুলোর উন্নয়নে এ বছর মোট তিন লাখ টাকা বরাদ্দ দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে । সরকারি সহায়তার আওতায় প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি তার  ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা করে সহযোগিতা করা হয়েছে বলপ জানান । তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীও দুর্গাপূজায় সরকারি বরাদ্দ বৃদ্ধি করেছেন। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের উপহার হিসেবে শাড়ি ও কাপড় প্রদান করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, কেউ সামাজিক হয়রানি, জমি দখল, ব্যবসায়িক ক্ষতি কিংবা অন্য কোনো সমস্যার শিকার হলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করতে হবে। তাঁদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনিরা খাতুন বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সবার সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও ভক্তদের যেকোনো সমস্যা বা অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। পৌর প্রশাসক হিসেবে তিনি প্রতিটি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
এমপির সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, হান্নান ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী মোহাম্মদ হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, আব্দুল মান্নান, মোঃ মনিরুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল হক গণি, পৌর যুব দলের আহবায়ক জাকির হোসেন নয়ন, সদস্যসচিব আলী আজগর মোল্লা,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন,পৌর ছাত্রদলের আহবায়ক মাজারুল ইসলাম জুয়েল, সদস্য সদস্যসচিব সোলেমান। উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা।
এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ, পুরোহিত ও ভক্তরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর শাহরাস্তি উপজেলায় ১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটি সমন্বিতভাবে কাজ করছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন