শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার চিতোষী-মুদাফফরগঞ্জ সড়কে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে এ ঝটিকা মিছিল বের করা হয়। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মিছিলটি করা হয় বলে জানা গেছে।মিছিলের একটি ভিডিও মঙ্গলবার দুপুরে সাজ্জাদ হোসেন সুজন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
ভিডিওটির সত্যতা যাচাই করে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায় শাহরাস্তি থানা পুলিশ। এ সময় উপজেলার যাদবপুর এলাকা থেকে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সোহেল রানা ও শাকিলকে আটক করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও প্রায় ৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করার সুযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
এ ঘটনায় মামলা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

নিজস্ব প্রতিনিধি