প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ৯:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

‘আপনারা সংখ্যালঘু নন, এ দেশেরই নাগরিক’ হাজীগঞ্জে পূজামণ্ডপে এমপি মমিনুল হক

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষকে শান্তিতে বসবাস করতে হবে।

‘আপনাদের কাছ থেকে “মাইনোরিটি” (সংখ্যালঘু) শব্দটি যেভাবে আসে, সেখান থেকে বের হয়ে আসতে হবে। আপনাদের চৌদ্দ পুরুষ এই দেশে জন্মগ্রহণ করেছেন। বংশপরম্পরায় আপনারা এই মাটিতেই জন্মেছেন এবং বাংলাদেশের নাগরিক।’

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা মাখন মণ্ডল দাস বাড়ি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, ‘এখানে আপনারা যেভাবে বসবাস করছেন, ঠিক একইভাবে ভারতেও আমাদের মুসলমানরা বসবাস করেন। সম্প্রীতির এই ভূখণ্ডে আমরা যেন কোনো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বা সংঘাত সৃষ্টি না করি।’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে এমপি মমিনুল হক আরও বলেন, ‘আপনারা কষ্ট করে ভোটকেন্দ্রে গিয়ে আমাকে প্রতিনিধি নির্বাচিত করেছেন। ফলে আমার ওপর আপনাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের সমাজের যেকোনো সমস্যা আপনাদের প্রতিনিধিরাই সমাধান করবেন। সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে অন্য কারও হস্তক্ষেপ বা উপস্থিতি আমরা চাই না। ধর্মীয় বা সামাজিক কোনো বিষয়ে কেউ সমস্যা সৃষ্টি করলে আমাকে সরাসরি জানাবেন।’

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত ১৭ বছর আমাদের অনেক নেতাকর্মী রাতে বাড়িতে ঘুমাতে পারেননি। তৎকালীন ক্ষমতাসীন দল ও আমাদের রাজনৈতিক ধারার মধ্যে বড় পার্থক্য রয়েছে; আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে আসি, তখন সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।’

অনুষ্ঠানে মণ্ডপ কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সহকারী প্রানেশ দাশ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নবিষয়ক প্রকল্পের পরিচালক ড. অসীম কুমার দাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ রহিম পাটোয়ারী, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মেয়র প্রার্থী হাসান মিয়াজী, বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, উপজেলা যুবদল নেতা শুকুর আলম বেপারী, মমিন বেপারী, মোবাশ্বের মোল্লা ও শেখ খোরশেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা মোশারফ হোসেন মোল্লা, আক্তার বেপারী ও খোকন গাজী, ইউনিয়ন ছাত্রদল নেতা মোতালেব গাজী ও রিয়াজুল ইসলাম রিয়াদ, শ্রমিক দল নেতা আলাউদ্দিন তরুণসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ভক্তবৃন্দ।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বানের মধ্য দিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন