প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ৯:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় সমীর ভট্টাচার্যের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিনিধি
​মতলব দক্ষিণে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভাবগাম্ভীর্য, আনন্দ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
​গত কয়েক দিন ধরে মণ্ডপে মণ্ডপে চলা পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান এবং সিঁদুর খেলা শেষে দেবী দুর্গাকে অশ্রুসজল নয়নে বিদায় জানান ভক্তরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই শেষ হয় এই ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা।
​মতলব দক্ষিণ উপজেলার ৩৯টি পূজা মণ্ডপে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হওয়ায় সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মতলব দক্ষিণ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক এবং ব্রাহ্মণ সংসদ মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক সমীর ভট্টাচার্য্য।
​এক বিশেষ বার্তায় তিনি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ড. জালাল উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদলসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ ছাড়াও প্রতিটি মণ্ডপ পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের কারণে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় তাঁদের বিশেষ সাধুবাদ জানান তিনি।
​সমীর ভট্টাচার্য্য বলেন, সকলের আন্তরিক সহযোগিতা, সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা এবং সম্প্রীতির বন্ধনের কারণেই এ বছর মতলব দক্ষিণে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেভাবে সবাই এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ধারা আগামী দিনেও মতলব দক্ষিণ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন