প্রকাশের সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ । ১০:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমির ৬ষ্ঠ বই উপহার মাস-২০২৬, বই মাসের শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা পাচ্ছেন ৩ জন

নিজস্ব প্রতিনিধি

ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই-স্লোগানে অক্টোবর মাসকে ৬ষ্ঠ বই উপহার মাস ঘোষণা করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও উপহার দেওয়া হয় বই। এ কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের হাতে বই উপহার তুলে দেয় একাডেমির সদস্যরা। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, শিশুতোষ প্রায় ১ হাজার বই বিনামূল্যে পাঠকের হাতে তুলে দেওয়ার টার্গেট নিয়ে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

তিনি আরও জানান, কর্মসূচিতে একাডেমির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে দিক নিদের্শনা মেনে নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার দিয়েছেন। তাদের মধ্যে কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার দিয়ে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৬’ চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ৩ জন। সার্বিকভাবে সেরা হয়েছেন একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, পয়েন্ট সমান থাকায় যৌথভাবে একাডেমির বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটিকেও শ্রেষ্ঠ সারথি ঘোষণা করা হয়। জয়ন্তী ভৌমিক এর আগে টানা চারবার এ পুরস্কার অর্জন করেন।

চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা জানান, প্রতিদিন দূরদূরান্তে ছুটে গিয়ে বই উপহার দিয়ে এসেছেন আমাদের সারথিরা। এতে প্রচুর কাঠখড় পোহাতে হয়েছে। এমন কঠিনতম কর্মসূচিতে যে যে সদস্য অধিক পরিমাণে শ্রম দিয়েছেন অর্থাৎ যাদের অবদান তুলনামূলকভাবে একটু বেশি, তাদের জন্যে প্রতি বছর ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি’ সংবর্ধনার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২০২১ সাল থেকে টানা ৬ষ্ঠ বারের মতো বই উপহার মাস পালন করছে এই প্রতিষ্ঠান। এর আগে একটি ‘বই উপহার মেলা’ও করেছে। এ পর্যন্ত ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। এ আয়োজনের সহযোগিতায় ছিলো ফোকাস মোহনা.কম ও প্যাপিরাস পাঠাগার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন