চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাধারণ এইচএসসি শাখায় পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ। তবে এইচএসসি (ভোকেশনাল) শাখায় শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, আলিম শাখায় পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ। তিন শাখা মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিবরণী অনুযায়ী, সাধারণ এইচএসসি শাখায় উপজেলার ৬ টি কলেজ থেকে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪৭৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৫৮১ জন। এ শাখায় পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে সূচীপাড়া ডিগ্রি কলেজ সর্বোচ্চ ৭০ দশমিক ১১ শতাংশ পাসের হার অর্জন করেছে।এ ছাড়া চেড়িয়ারা স্কুল ও কলেজে ৬২ দশমিক ৩২ শতাংশ, খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ৪৮ দশমিক ১০ শতাংশ, মেহের ডিগ্রি কলেজে ৪০ দশমিক ৩২ শতাংশ, করফুলনেছা সরকারি মহিলা কলেজে ২৬ দশমিক ৫৯ শতাংশ এবং চিতোষী ডিগ্রি কলেজে ২৫ দশমিক ৮৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
এইচএসসি (ভোকেশনাল) শাখায় চিতোষী ডিগ্রি কলেজ থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। ফলে এ শাখায় পাসের হার শতভাগ। তবে এ শাখায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
অন্যদিকে, আলিম পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসা থেকে ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৫৪ জন এবং অকৃতকার্য হয়েছে ১১৪ জন। এ শাখায় পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। এর মধ্যে ভোলদিঘী কামিল মাদ্রাসা থেকে ১জন এবং পরানপুর ফাজিল মাদ্রাসা থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে। ভোলদিঘী কামিল মাদ্রাসার পাসের হার ৭৫ দশমিক ৬৮ শতাংশ এবং পরানপুর ফাজিল মাদ্রাসার ৫৯ দশমিক ৩৭ শতাংশ। আলিম শাখায় সর্বোচ্চ ৮১ দশমিক ৮২ শতাংশ পাসের হার অর্জন করেছে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা।
সার্বিক ফলাফল সম্পর্কে শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, ভোকেশনাল শাখায় শতভাগ পাসের ফলাফল আশাব্যঞ্জক। তবে সাধারণ এইচএসসি ও আলিম শাখায় পাসের হার এবং জিপিএ-৫-এর সংখ্যা কম। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার কম এবং অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে ফলাফল পর্যালোচনা করা হবে। দুর্বলতার কারণ চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়ন, পাসের হার বৃদ্ধি এবং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মোঃ মাসুদ রানা