ইতালিতে পাঠানোর কথা বলে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জে এক বিউটি পার্লারের মালিককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া নারী হলেন আরিফা রহমান পপি আক্তার। তিনি হাজীগঞ্জ রয়েল মার্কেটের ‘দুলহান বিউটি পার্লার’-এর মালিক।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবু সাঈদ সুমনকে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নেন পপি আক্তার। দীর্ঘদিন অপেক্ষার পরও ইতালি পাঠানো কিংবা টাকা ফেরত না পাওয়ায় প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগী। পরে দায়ের করা প্রতারণা মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সেই পরোয়ানার ভিত্তিতে শুক্রবার বিকেলে হাজীগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে অভিযোগ রয়েছে, ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে পপি আক্তার আরও একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন।

নিজস্ব প্রতিনিধি