প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৬:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটোয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।

কলেজ ছাত্রদলের সভাপতি আবু নাইম খানের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে জেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটোয়ারী বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার পরিবেশ ধ্বংস করেছিল। তারা সাধারণ মানুষের বাক্‌স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ওপর গুম, খুন ও নির্যাতন চালিয়েছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালিত হচ্ছে। কিন্তু পতিত আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠন বিভিন্ন মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করতে চায়।

ইসমাইল হোসেন পাটোয়ারী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগকে আর কোনো ধরনের অপকার্যক্রম করতে দেওয়া হবে না। তারা দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়ার চেষ্টা করলে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন