চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসাইনের একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্যের সুস্থতা কামনায় শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) শহরের বাইতুল আমিন জামে মসজিদ, বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদ, নিশি রোড জামে মসজিদ এবং কোড়ালিয়া হাওলাদার বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বাইতুল আমিন জামে মসজিদের আয়োজিত মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের হাফেজ আলমগীর হোসাইন। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওলানা বোরহান উদ্দিন সিদ্দিকী। বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মো. ইউনুস।
মোনাজাতে মারজুক মুঈদ ঐশ্বর্যের শারীরিক সুস্থতা, দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরাও তার সুস্থতার মহান আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবররুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, মারজুক মুঈদ ঐশ্বর্য তার পিতার নামে প্রতিষ্ঠিত মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি চাঁদপুরে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি এবং পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠী ও নারীদের স্বাবলম্বী করাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড করে আসছেন। বিশেষ করে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে এলইডি স্ক্রিনে বিশ্বকাপ খেলার আয়োজন করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ওই সময়ে বিশ্বকাপ খেলা দেখানোর সময় তিনি পড়ে গিয়ে মেরুদন্ডে আঘাতপ্রাপ্ত হন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) থাইল্যান্ডের একটি হাসপাতালে ঐশ্বর্যের স্পাইনাল কর্ডে (মেরুদণ্ড) একটি জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার পিতা আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।
ঐশ্বর্যের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে আসছেন। সকলের প্রত্যাশা, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

নিজস্ব প্রতিনিধি