শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করা নয়, বরং তাদের মেধা, সৃজনশীলতা, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে একজন আদর্শ ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে চাঁদপুরের কচুয়ায় আল বারাকা ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় আল বারাকা আইডিয়াল একাডেমি মাদ্রাসা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন ও তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
এবারের বৃত্তি পরীক্ষায় কচুয়া উপজেলার মোট ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০টি স্কুল ও ১২টি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৭৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম সোহেল রানা এবং আল বারাকা ট্রাস্টের চেয়ারম্যান আবুল বারাকাত বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন আল বারাকা আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা শরীফ উল্যাহ পাঠান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা জোবায়ের হুসাইন, মাস্টার কাওছার আহমেদ ও নেছার আহমেদ।
এ ছাড়াও বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া