প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ১০:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের বই পড়া ও সাংস্কৃতিক চর্চার আহ্বান জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের

মোঃ মাসুদ রানা
বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধের পাশাপাশি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং মানসিক বিকাশে বই পড়া, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।তিনি বলেছেন, শিশু-কিশোরদের সুস্থ ও মানবিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ফটিকখিরা ছালামত উল্লাহ আমেনা বালিকা উচ্চ বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য জ্যোতি স্যানিটারি ন্যাপকিন কোম্পানির সহযোগিতায় একটি হাইজিন কর্নার স্থাপন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন এমএসসির সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক ভেন্ডিং মেশিনটির উদ্বোধন করেন বক্তব্য রাখেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের সমাজে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালীন কিছু বিষয় নিয়ে এখনো অস্পষ্টতা ও সংকোচ রয়েছে। অনেক সময় প্রয়োজনীয় বিষয় নিয়েও নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করতে অস্বস্তিবোধ করি। এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ভেন্ডিং মেশিন স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী সাব্বিরের বক্তব্য থেকে এ উদ্যোগের গুরুত্ব উপলব্ধি করেছি। এখানে একটি সুন্দর হাইজিন কর্নার তৈরি করা হয়েছে। জানতে পেরেছি, শিক্ষার্থীদের পড়ার জন্য সেখানে ৫০টি বইও রাখা হয়েছে। এটি প্রশংসনীয় উদ্যোগ। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি বই পড়ার সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীরা উপকৃত হবে।
বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসক বলেন, শৈশব ও কৈশোর একজন শিশুর ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে বিয়ের মতো দায়িত্ব চাপিয়ে না দিয়ে তাদের পড়াশোনা নিশ্চিত করতে হবে এবং নিজেদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিতে হবে। কোথাও বাল্যবিবাহের উদ্যোগ নেওয়া হলে তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে অভিভাবকদের সচেতন হতে হবে, যাতে কোনো শিশুর শিক্ষাজীবন ও স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত না হয়।
তিনি আরও বলেন, প্রত্যেক শিশুর পড়াশোনা নিশ্চিত করার পাশাপাশি সুস্থ বিনোদন, বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার সুযোগ করে দিতে হবে। গান, আবৃত্তি, নাচ, নাটক ও অভিনয়ের চর্চা বাড়াতে হবে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। কারণ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলাও একজন শিশুর পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও ইভটিজিং থেকেও শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সচেতন থাকতে হবে। একটি শিক্ষিত, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পারলেই বাল্যবিবাহমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধিতে হাইজিন কর্নারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা যেন কোনো ধরনের সংকোচ ছাড়াই প্রয়োজনের সময় স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়ে এ ধরনের হাইজিন কর্নার স্থাপন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দের ও প্রয়োজনীয় উদ্যোগ। এতে মেয়েরা স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার পাশাপাশি জরুরি সময়ে সহজে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবে। এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, চাঁদপুর থেকে আগত তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট,মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যালয়ে স্থাপিত জ্যোতি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে ও গোপনীয়তা বজায় রেখে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবে। একই সঙ্গে হাইজিন কর্নারে রাখা বই তাদের পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে।
এদিকে একই দিন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান প্রথমে শাহরাস্তি মডেল থানা পরিদর্শনে যান। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক থানা পরিদর্শন করেন। এরপর তিনি শাহরাস্তি পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুন তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসক পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন