প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ১১:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ শেষে বাড়ি ফেরা হলো না জাকিরের, বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ডালাই কন্ট্রাক্টরের

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন মিয়াজী (৩৫) নামে এক ডালাই কন্ট্রাক্টরের মৃত্যু হয়েছে। কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মিয়াজী উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের টংগীরপাড় নোয়াপাড়া গ্রামের মিজি বাড়ির মো. নুর মিয়া মিজির বড় ছেলে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকায় শুকু মিয়ার ভবনে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন বিভিন্ন স্থাপনার পাকাকরণের কাজ ঠিকাদারির মাধ্যমে করতেন। মঙ্গলবার বিকেলে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করেন। তবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার মহিউদ্দিন মাইনু মিয়াজী বলেন, ‘ডালাই কন্ট্রাক্টর জাকির হোসেনের আচার-ব্যবহার খুবই ভালো ছিল। তাঁর বাড়ি হাটিলা পূর্ব ইউনিয়নে হলেও গত ২০ বছর ধরে তিনি আমাদের টোরাগড় এলাকায় বসবাস করে আসছেন। তাঁর মৃত্যুতে পরিবার-স্বজন, নিজ এলাকা ও টোরাগড়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।’

স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিনের বসবাস, পরিচিতজনদের সঙ্গে সুসম্পর্ক আর কর্মব্যস্ত জীবনের ইতি ঘটল এক সড়ক দুর্ঘটনায়। জাকিরের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার, স্বজন ও এলাকাবাসী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন