প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ৮:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাফিক শ্রীঘরে

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার উচ্চ বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক সাফিক ভূঁইয়ার বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।

গত (মঙ্গলবার) ১৭ নভেম্বর ওই শিক্ষকের অপকর্মের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো সাচার এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা সাচার বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।

ঘটনার সংবাদ পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তাৎক্ষণিক তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এরপর বিকেল চারটার দিকে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষক সাফিক ভূঁইয়াকে আটক করেন।

এ ঘটনায় রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক সাফিক ভূঁইয়াকে আসামি করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং: ২৯)। এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ অক্টোবর শিক্ষক সাফিক ভূঁইয়া বিদ্যালয়ের পার্শ্ববর্তী ছাত্রাবাসে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন। পরবর্তীতে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে সাফিক ভূঁইয়া গত পাঁচ বছর ধরে সাচার উচ্চ বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে ইংরেজি বিষয় পাঠদান করে আসছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের ছাত্রাবাসে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। সেখানেই মূলত ছাত্রীদের যৌন হয়রানির মতো অনৈতিক কর্মকাণ্ড চালাতেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা বলেন, “ঘটনাটি আগে আমার জানা ছিল না। বর্তমানে যৌন হয়রানির এই ঘটনায় তার বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।” এছাড়া বিক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ বলেন, অভিযুক্ত শিক্ষক সাফিক ভূঁইয়াকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবারই চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন