প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ৯:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে; ১৭ দিনে ৩১৩ রোগী, শিশুর সংখ্যাই বেশি

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন বিভিন্ন বয়সী রোগীরা। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের তৃতীয় তলায় পৃথকভাবে হামের ওয়ার্ড স্থাপন করা হয়েছে। সেখানে আক্রান্ত রোগীদের ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত চাঁদপুর সরকারি হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৩১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাসেবা গ্রহণের পর ৩০৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় এ পর্যন্ত ১১ জন রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। তবে শিশু রোগীর সংখ্যাই বেশি।

হামের সংক্রমণ শিশুদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেক ক্ষেত্রে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা বা র‍্যাশ দেখা দেওয়ার পর রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান জানান, গত ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত হাসপাতালে হামের রোগী হিসেবে মোট ৩১৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাসেবা নিয়ে ৩০৫ জন ছাড়পত্র পেয়েছেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ১১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের তৃতীয় তলায় পৃথক হামের ওয়ার্ড স্থাপন করা হয়েছে। সেখানে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ রোগ জটিল আকার ধারণ করতে পারে। তাই শিশুর জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া কিংবা শরীরে লালচে দানা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আক্রান্ত শিশুকে অন্য শিশুদের সংস্পর্শ থেকে দূরে রাখার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চাঁদপুর সরকারি হাসপাতালে মাত্র ১৭ দিনে ৩১৩ জন হামের রোগী ভর্তি হওয়ার বিষয়টি জেলার জনস্বাস্থ্য পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যদিও উল্লেখযোগ্যসংখ্যক রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, তবুও শিশুদের মধ্যে সংক্রমণের আধিক্য পরিস্থিতিকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখছেন সচেতন মহল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন