প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ১১:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার শতাধিক অটোরিকশার মালিক দুই পুলিশ কনস্টেবল, মাসে আয় অর্ধকোটি টাকা

অনলাইন ডেস্ক
রাজধানীতে বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করতে সরকার যখন পুলিশের সহযোগিতা চাইছে, তখন খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই জড়িয়ে পড়েছেন এই অবৈধ ব্যবসায়।
সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে, ঢাকায় কর্মরত দুই পুলিশ কনস্টেবল চার শতাধিক অবৈধ অটোরিকশার মালিক এবং এই ব্যবসা থেকে তাদের মাসিক আয় প্রায় অর্ধকোটি টাকা। DBC NEWS-এ প্রচারিত প্রতিবেদক শুভ খান ও চিত্রগ্রাহক রিপন হোসেনের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
একটি বা দুটি নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় ওই দুই পুলিশ কনস্টেবলের মালিকানায় চার শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। দৈনিক জমার ভিত্তিতে চলা এসব রিকশা থেকে প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকা বা অর্ধকোটি টাকা আয় করছেন তারা। প্রতিবেদনে অটোরিকশা তৈরির গোপন ওয়ার্কশপ এবং সড়কে নির্বিঘ্নে এসব যানবাহন চলাচলের চিত্র তুলে ধরা হয়েছে।
অভিযোগ রয়েছে, খোদ পুলিশ সদস্যদের মালিকানাধীন হওয়ায় সড়কে দায়িত্বরত ট্রাফিক বা থানা পুলিশের পক্ষ থেকে এসব রিকশা কোনো বাধার মুখে পড়ে না।
অনুসন্ধানকালে এলাকার সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের সাথে কথা বললে বিষয়টির ভয়াবহতা আরও স্পষ্ট হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকার ভেতরে চলাচলকারী অটোরিকশাগুলোর বিষয়ে থানায় খোঁজ নিলে দেখা যায় এর শতকরা নব্বই ভাগই পুলিশের।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে সরকারি নীতিমালা ও শৃঙ্খলার বাইরে গিয়ে এমন বাণিজ্যিক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিয়ে প্রতিবেদনে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবেদন প্রচারের সময় স্টুডিও থেকে একজন অতিথিকে ভার্চুয়ালি যুক্ত করে প্রশাসনিক জবাবদিহিতা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং এ ধরনের অনিয়ম বন্ধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন