পরিবারের মুখে হাসি ফোটাতে, স্ত্রী-সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে ২০০৭ সালে স্বপ্নের দেশ দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার মহিন খান। স্বপ্ন ছিল প্রবাসের উপার্জনে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সব শেষ। জীবিত অবস্থায় নয়, দীর্ঘ প্রতীক্ষার পর কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন তিনি। দুবাইয়ে হত্যাকাণ্ডের শিকার মহিনের মরদেহ দেশে পৌঁছেছে ১৫ দিন পর।
গত ২০ নভেম্বর রাতে দুবাই থেকে একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মহিনের মরদেহ। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেল ৩টায় উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়। মহিন ওই গ্রামের আবু তাহেরের ছেলে। বাড়িতে মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী স্বর্ণা আক্তার, একমাত্র ৯ বছর বয়সী কন্যাসন্তানসহ স্বজনরা। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে। পরে মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্বজনদের বরাতে জানা যায়, গত ৬ জুন দুবাইয়ের আরবিয়ান এমারেন্স টো এলাকা থেকে মহিন, তার কোম্পানির বস ও বসের স্ত্রী নিখোঁজ হন। পরে ১৪ সেপ্টেম্বর আবুধাবির মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে দুবাই সিআইডি পুলিশ। এ ঘটনায় দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। গত ৬ নভেম্বর পরিবার মহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
স্বজনরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি দুবাইয়ে থাকা মহিনের প্রাইভেটকার, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল উদ্ধারে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে স্ত্রী স্বর্ণা আক্তার এখন ৯ বছরের মেয়েকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।
মহিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করায় সাবেক যুগ্ম সচিব ও পিএসসির সাবেক সদস্য কচুয়ার ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজনরা।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি বিদেশে সংঘটিত হওয়ায় এ বিষয়ে তাদের কাছে সরাসরি কোনো তথ্য নেই।

ইসমাইল হোসেন বিপ্লব