ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি মঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের বিপণীবাগে সংগঠনের জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি রহমতুল্লাহ বিন হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আদর্শ যুবসমাজ গঠনে ইসলামী যুব আন্দোলনের বিকল্প নেই। তিনি যুবকদের নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইমরান হোসাইনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গাজী মুহাম্মদ হানিফ, সহসভাপতি কে. এম. ইয়াসিন রাশেদসানি, সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমেদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ আবুল বাশার তালুকদার এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি ডি. এম. ফয়সাল।
সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাইদ হোসেন অপু চৌধুরী