প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৯:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি চেয়ারম্যান সনদে স্বাক্ষর চেয়েও পেলেন না সেবাপ্রার্থী, প্রশাসকের মন্তব্য—‘তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?’

নিজস্ব প্রতিনিধি

জরুরি প্রয়োজনে চেয়ারম্যান সনদ নিতে গিয়ে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করেও স্বাক্ষর পাননি বলে অভিযোগ করেছেন চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সেবাপ্রার্থী মো. শাকিল খান। তাঁর অভিযোগ, সরাসরি অনুরোধ করার পরও সনদে স্বাক্ষর না দিয়ে কার্যালয় থেকে বেরিয়ে যান ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাহাত আমিন পাটওয়ারী।

শাকিল খানের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন ইউনিয়ন পরিষদের সচিব তাঁকে সনদটি দিয়ে প্রশাসকের স্বাক্ষর নেওয়ার জন্য উপজেলা কার্যালয়ে যেতে বলেন। পরে তিনি ফরাক্কাবাদ থেকে চাঁদপুরে গিয়ে ইউনিয়নের এক চৌকিদারের মাধ্যমে সনদটি প্রশাসকের কাছে পাঠান।

এ সময় প্রশাসক কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন জানতে পেরে তিনি সরাসরি তাঁর কাছে গিয়ে জরুরি প্রয়োজনের কথা জানিয়ে সনদে স্বাক্ষর দেওয়ার অনুরোধ করেন। অভিযোগকারীর দাবি, তখন প্রশাসক তাঁকে বলেন, ‘তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?’ এরপর স্বাক্ষর না দিয়েই তিনি চলে যান।

এ ঘটনা নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টের মন্তব্যে আরও কয়েকজন সেবাপ্রার্থী তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেছেন।

‘সায়েদ মাহমুদ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে অভিযোগ করা হয়, বর্তমান পদ্ধতিতে চেয়ারম্যান সনদ নিতে গেলে কখনো সার্ভারের সমস্যা, আবার কখনো প্রশাসক কার্যালয়ে নেই বলে জানানো হয়।

অন্যদিকে গিয়াসউদ্দিন খান নামের একটি অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে বলা হয়, দুই-তিন মাস আগে বাবার মৃত্যু সনদ তৈরি করতে গিয়ে তিনি নিজের জন্মনিবন্ধন ইংরেজি করা এবং বাবার জন্মসনদের কয়েকটি ভুল সংশোধনের আবেদন করেন। তাঁর দাবি, টাকা দেওয়ার পর একাধিকবার নিজে কার্যালয়ে গিয়েছেন এবং পরবর্তী সময়ে প্রতি সপ্তাহে লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন। কাজ সম্পন্ন হওয়ার নিশ্চিতকরণ বার্তা পেলেও মন্তব্য করার সময় পর্যন্ত সংশ্লিষ্ট কাগজপত্রের প্রিন্ট পাননি।

তবে এসব অভিযোগের বিষয়ে প্রশাসক মো. রাহাত আমিন পাটওয়ারীর বক্তব্যও নেওয়া হয়েছে।

মুঠোফোনে তিনি বলেন, ‘আমার দপ্তরে কোনো ফাইল পেন্ডিং নেই। ইউনিয়ন পরিষদ থেকে আসা সব ডকুমেন্টে স্বাক্ষর করে দিয়েছি। উল্লিখিত ভুক্তভোগীর সঙ্গে এ ধরনের আচরণ করেছি কি না, তা আমার স্মরণে নেই। কেউ আমার জন্য অপেক্ষা করেছেন, সেটিও আমার জানা নেই। আমি কারও সঙ্গে এমন আচরণ করেছি কি না, তাও মনে নেই।’

নাগরিক সেবা নিতে গিয়ে এমন ভোগান্তির অভিযোগ সামনে আসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেবাপ্রার্থীদের প্রত্যাশা, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন