প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৬:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে ভাই শাহাদাতকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন বোন তাছলিমা

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সরদারের রায়ের বিরুদ্ধে আপিল করে ন্যায়বিচার পাওয়ার দাবি জানিয়েছেন তাঁর বোন তাছলিমা বেগম। তাঁর দাবি, পারিবারিক বিরোধের জেরে শাহাদাতকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি করেন তাছলিমা বেগম।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৮ নভেম্বর চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত কামরুল হাসান রতন (৪০) হত্যা মামলায় শাহাদাত হোসেন সরদারকে (৫৬) মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তাছলিমা বেগমের দাবি, তাঁর ভাই শাহাদাত দীর্ঘদিন ধরে ঢাকায় ব্যবসা করতেন। পারিবারিক বিরোধ ও সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে একের পর এক ঘটনার সৃষ্টি হয়। এসব বিরোধের সূত্র ধরে তাঁর ভাইকে হত্যা মামলায় জড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তাছলিমা আরও দাবি করেন, মামলার এজাহার ও সাক্ষ্য-প্রমাণে উল্লেখিত ঘটনার সঙ্গে বাস্তব ঘটনার অসংগতি রয়েছে। তাঁর ভাষ্য, ঘটনার সময় শাহাদাত আত্মরক্ষার চেষ্টা করেছিলেন এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। তবে মামলার অভিযোগ ও আদালতের রায়ের সঙ্গে তাঁদের বক্তব্যের মিল নেই বলে দাবি করেন তিনি।
তাছলিমা বেগম বলেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আদালতের রায়ে তাঁরা সন্তুষ্ট নন। এ কারণে রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য উচ্চ আদালতের কাছে আবেদন জানাবেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, তাঁর ভাইয়ের স্ত্রী ও পরিবারের সদস্যরা সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তাছলিমা বেগম বলেন, “আমরা চাই, প্রকৃত ঘটনার বিচার-বিশ্লেষণ করে আমার ভাই ন্যায়বিচার পাক। আদালতের কাছে আমাদের আবেদন, মামলার প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে আপিলের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন