প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৬:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আ’গু’নে ঘুমন্ত অবস্থায় প্রা’ণ গেল ২ বছরের আনাছের, দ’গ্ধ বোন

মোহাম্মদ মোশারফ হোসেন
দুপুরের নিস্তব্ধতায় ঘুমিয়ে ছিল দুই ভাইবোন। কে জানত, সেই ঘুমই দুই বছরের শিশু আনাছ হোসেনের শেষ ঘুম হয়ে থাকবে! হঠাৎ বসতঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায়ই প্রাণ হারায় শিশুটি। আগুনে গুরুতর দগ্ধ হয় তার বোন মরিয়ম আক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনাছ ও দগ্ধ মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় শিশুরা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা আগুনের কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই বছরের আনাছের মৃত্যু হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় মরিয়মকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন