প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১১:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে রঙ মেশানো শুঁটকি ও বাসি-পচা মাংস বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের বাবুরহাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রঙ মেশানো শুঁটকি মাছ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে শুঁটকি সংরক্ষণ এবং বাসি-পচা মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নষ্ট ও পচা মাংস এবং রঙ মেশানো শুঁটকি মাছ ধ্বংস করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বাবুরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে শুঁটকি মাছে রঙ মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের অপরাধে উত্তম কুমার সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আমিন পাটোয়ারীকে ৫ হাজার টাকা এবং বাসি-পচা মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে।

অভিযান চলাকালে নষ্ট ও পচা মাংস এবং রঙ মেশানো শুঁটকি মাছ ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন