প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ৮:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, সাংবাদিককে হুমকি

এস. এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার ও প্লাস্টিকের পাইপ অকেজো করেছে প্রশাসন। এ সময় অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর সাংবাদিকদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।

সোমবার (তারিখ) বিকেল থেকে রাত পর্যন্ত ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের গুদারাচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অবৈধ ড্রেজার চালানোর খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান ইউএনও মেহেদী হাসান মানিক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্লাহ। তাঁদের সঙ্গে পুলিশ সদস্য ও সরকারি কর্মচারীরা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুদারাচর এলাকায় প্রায় ৭০ শতাংশ নিচু জমি ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে গণমাধ্যমকর্মী, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে মাছচাষি, ড্রেজার ঠিকাদারের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারাও সেখানে উপস্থিত হন। তাঁদের কয়েকজন জানান, রোববার দুপুর থেকে ড্রেজারটি চালু করা হয়েছে। কাছাকাছি একটি মসজিদের পাশে নিচু জমি ভরাট করা হচ্ছিল।

ঘটনাস্থলে ড্রেজার ও জমির মালিকপক্ষের দায়িত্বে কে রয়েছেন, জানতে চান ইউএনও। এ সময় মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি নিজেকে দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে পরিচয় দেন। তিনি জানান, ওই চরে মাছ চাষ করেন। ইউএনও তাঁকে অবৈধ কাজ করার বিষয়ে প্রশ্ন করলে মোহাম্মদ আলী তা স্বীকার করেন বলে জানা গেছে। তবে ইউএনওর বক্তব্যের পর তিনি বলেন, প্রায় তিন মাস ধরে চলা ড্রেজারটি অন্য একটি।

অভিযানের সময় ইউএনও বিধি অনুযায়ী দুই লাখ টাকা জরিমানার কথা জানান। পরে মোহাম্মদ আলী জরিমানার পরিমাণ কমানোর আবেদন করলে এক লাখ টাকা কমিয়ে দেওয়া হয়। তবে তাতেও তিনি রাজি হননি বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পরে ইউএনওর নির্দেশে সরকারি কর্মচারী ও শ্রমিকরা ড্রেজারের যন্ত্রাংশ এবং পাইপ অকেজো করে দেন।

এ সময় মোহাম্মদ আলী ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, ‘ভবিষ্যতে আপনি ও সাংবাদিকরাও ফরিদগঞ্জে থাকবেন, আমরাও থাকব, তখন দেখা যাবে।’ এ বক্তব্যকে হুমকি হিসেবে দেখেন প্রেসক্লাবের সভাপতি। তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত ইউএনও ও ওসির দৃষ্টি আকর্ষণ করেন।

এ ঘটনায় ইউএনও ও ওসি মোহাম্মদ আলীকে বলেন, সাংবাদিকের সঙ্গে এভাবে কথা বলা ঠিক হয়নি। তাঁরা আরও বলেন, অবৈধ কাজের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।

পরে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, ‘আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা নজর রাখব।’

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘এ ধরনের হুমকি স্বাধীন গণমাধ্যম ও সংবাদকর্মীদের নিরাপত্তার জন্য হুমকি। আমরা তথ্য মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ডের স্থায়ী প্রতিকার চাই।’

তিনি আরও বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

ফরিদগঞ্জ থানার ওসি এরশাদ উল্লাহ বলেন, ‘আমি ঘটনার প্রত্যক্ষদর্শী। গণমাধ্যমকর্মীদের হুমকি দেওয়া আইনত অপরাধ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েই তাঁরা চাকরিতে যোগ দিয়েছেন।

ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, ‘আমরা কেরোয়া গ্রামের গুদারাচরে সরেজমিনে উপস্থিত হয়ে সরকারের নিষিদ্ধ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ, আলামত ও স্বীকারোক্তি পেয়েছি। বিধি অনুযায়ী জরিমানার ঘোষণা দিয়েছি। কিন্তু মালিকপক্ষের অসহযোগিতার কারণে মালামাল অকেজো করে দিতে বাধ্য হয়েছি।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন