প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ৮:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতি মামলায় ফেঁসে গেলেন ছয় এসআইসহ চকরিয়ার ওসি

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও একই থানার ৬ পুলিশ সদস্য ও কথিত এক সোর্সের বিরুদ্ধে প্রবাসীর ঘর লুট ও ডাকাতির অভিযোগে মামলা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়।

মামলা সুত্রমতে, পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ফাইতং এলাকায় গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত রিয়াদ নামের এক প্রবাসীর নির্মাণাধীন ভবনে আসামি খোঁজার নামে রাস্তার উভয়পাশে ব্যারিকেড দিয়ে ভাঙচুর চালান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স। দীর্ঘ সময় ভাঙচুরের পর নির্মাণাধীন ভবনের লোহার রড, দরজা, সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রী ট্রাক ভরে নিয়ে যায়।

প্রবাসী রিয়াদ সৌদিতে বসবাস করলেও আসামি খোঁজার নামে পুলিশের এমন কাণ্ডে পুরো এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে খোদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে লামা উপজেলার ফাইতং এলাকায় পুলিশ ফাঁড়ির তিনশো গজের মধ্যে এমন ঘটনা ঘটলেও ফাঁড়ির ইনচার্জ কিছুই জানেন না বলে দাবি করেছেন।

তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অহিদর রহমান বলেছেন, এটি তৌহিদ নামের একজন শীর্ষ সন্ত্রাসীর বাড়ি। জমির কাগজ এবং এলাকাবাসীর দেয়া তথ্য মতে এটি দীর্ঘ পাঁচ বছর ধরে সৌদি প্রবাসী রিয়াদের নতুন নির্মাণাধীন ভবন।

এদিকে মামলার বাদী আলম সাইর এমন ঘটনার বর্ণনা দিয়ে মামলাটি করেছেন।

ওই মামলায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির ও থানার কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে।

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর সিআর ৩৪২/২৬।

এদিকে মামলাটি আমলে নিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অধিনায়ককে (সিও) তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন