আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে গণসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হানিফ কাকন। গত কয়েকদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ গণসংযোগ অব্যাহত রেখেছেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হানিফ কাকন এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাঁদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজের প্রার্থীতার বিষয়টি তুলে ধরেন তিনি।
গণসংযোগকালে আবু হানিফ কাকন বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার চেষ্টা করব। এলাকার রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রমের উন্নয়নে কাজ করতে চাই। তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে সচেতনতা তৈরি করা হবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
আবু হানিফ কাকন বলেন, ৫নং রামপুর ইউনিয়নের মানুষের সঙ্গে পরামর্শ করে এলাকার প্রয়োজনীয় সমস্যাগুলো চিহ্নিত করা হবে। সাধারণ মানুষের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে দল-মত ও ধর্ম-বর্ন নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব। গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সুবিধা- স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যাতে লেখাপড়া থেকে ঝরে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে একটি নিরাপদ, আধুনিক ও মডেল রামপুর ইউনিয়ন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। গণসংযোগকালে তাঁর সঙ্গে কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

মাসুদ হোসেন