প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ । ৬:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ফোনে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি, বললেন, ‘তুমি আসো আমার সঙ্গে অল্প একটু কথা বলে দেখা করলে সব সমস্যা চলে যাবে’ 

অনলাইন ডেস্ক

ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানের সঙ্গে যুব মহিলা লীগের এক নেত্রীর ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপে ওই নারীকে বারবার নিজের বাংলোয় আসার অনুরোধ করতে শোনা যায় ওসিকে।

ফোনালাপের কথা স্বীকার করে ওসি দাবি করেছেন, সনি একটি মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে পালিয়ে গেছেন। তাকে আবার পুলিশের কাছে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই ফোন করেছিলেন।

ওই নেত্রী হলেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিরা আক্তার সনি।

ফাঁস হওয়া ফোনালাপ থেকে জানা গেছে, একটি মামলায় গত ১০ নভেম্বর গ্রেফতার হন তাজকিরা আক্তার সনি। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। এরপর ওসি ফয়জুল আজিম তাকে ফোন করে দেখা করতে বলেন।

তবে সনি জানান, তিনি মাথাব্যথায় ভুগছেন। এ ছাড়া তিনি কুমিল্লার মিয়াবাজারে অবস্থান করছেন। তাই তার পক্ষে দাগনভূঞায় যাওয়া সম্ভব নয়।

এ সময় ওসিকে কাতর স্বরে বলতে শোনা যায়, ‘মাথাব্যথা থেকে যা কিছু আছে, সব চলে যাবে। তুমি আসো। আমার সঙ্গে অল্প একটু কথা বললে, দেখা করলে সব সমস্যা চলে যাবে। আমার কিছু চাওয়া-পাওয়া নেই। শুধু একটু দেখতে চাই। একটা সিএনজি নিয়ে চলে আসো।’

জবাবে সনি বলেন, ‘আমি দাগনভূঞায় নেই। থাকলে অবশ্যই আসতাম। আমি চৌদ্দগ্রামে আছি। আমি জেলের মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে পড়েছি। জেলে ভাত খেতে পারিনি। বাড়ি এসে ভাত খেয়েছি।’

এরপর ওসি বলেন, ‘মানুষের একটা আকর্ষণ আছে না। তুমি যেখানেই আছো, বাংলোয় চলে আসো।’

ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ওই নারী দুর্ধর্ষ। অনেক কষ্টে তাকে গ্রেফতার করেছিলাম। কিন্তু জামিনে বেরিয়ে আবার পালিয়ে যায়। এখন ভেবেছিলাম আবার বুঝিয়ে বাসায় নিয়ে আসবো।’

ওসি আরও বলেন, ‘সনির প্রতিপক্ষ গ্রুপের কিছু তথ্য তার কাছে রয়েছে। তাকে সোর্স হিসেবে ব্যবহার করে আরও কয়েকজনকে গ্রেফতারের পরিকল্পনা ছিল।’

তার ভাষ্য, সনি নিজেই আসার কথা বলেছিলেন এবং এসে কিছু তথ্য দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রেফতার আতঙ্কে তিনি আসেননি। এখন পালিয়ে থেকে পুলিশের কাজে বাধা সৃষ্টি করছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে তাজকিরা আক্তার সনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন