প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ । ৮:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে গাড়ি চুরি করে সাতক্ষীরায় নিয়ে আত্মগোপন, ঢাকায় ধরা ২

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ থেকে চুরি হওয়া প্রায় ১৪ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার সাতক্ষীরার আশাশুনি থেকে উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকার কদমতলী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) হাজীগঞ্জ থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার আশাশুনি থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া টয়োটা করোলা মডেলের সাদা রঙের প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯। ২০০৫ মডেলের ১৫০০ সিসির গাড়িটির আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।

পরবর্তীতে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে ঢাকার কদমতলী থানা এলাকা থেকে মো. রাশেদুল ইসলাম (৩৪) ও মো. হেলাল (৫৬) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

হাজীগঞ্জ থানার মামলা নং-৩৩, তারিখ ১৯ অক্টোবর ২০২৬, জিআর নং-২৯২ এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় দায়ের করা চুরির মামলার তদন্তে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এসআই নূরে আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন