চাঁদপুরের কচুয়া উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানাতে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কচুয়া প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার রাজমহল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গুণীজনদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কচুয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ডিপি নূর মোহাম্মদ কচি। তিনি বলেন, সমাজ ও স্থানীয় উন্নয়নে গুণীজনদের অবদান অপরিসীম। তাঁদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা প্রদান করা হলে আগামী প্রজন্ম ভালো কাজের প্রতি আরও বেশি অনুপ্রাণিত হবে। কচুয়া প্রেসক্লাবের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী এবং কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন সাজেদুল হাসান কামাল, শরীফুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম পাঠান, জিয়াউল হোসেন, মোতাহের হোসেন, খোরশেদ আলম, জহিরুল আলম, হাসিনা পারভীন ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন আবুল হোসেন, খোরশেদ আলম সিকদার, আলমগীর তালুকদার, শাহাদাত হোসেন, মাসুদ রানা ও জাবেদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে কচুয়া উপজেলার শিক্ষা, সমাজসেবা, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

আবু সাঈদ, কচুয়া