শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ফয়সাল (২০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপের কর্মচারী ছিলেন। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার আজাগোড়া গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাঢ়া কাজী বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফয়সাল গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। তবে কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালকরা। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মোঃ মাসুদ রানা