প্রকাশের সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ । ৩:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে এজেন্ট ব্যাংকিং প্রধানদের সাথে পুলিশের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
রাফিউ হাসান : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রায় অর্ধশতাধিক এজেন্ট ব্যাংকিং প্রধান ও কর্তব্যরত কর্মচারী, স্থানীয় বাজার ব্যবসায়ীদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শুক্রবার বেলা ১০ ঘটিকায় থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম চৌধুরী,সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল,চাঁদপুর। সভায় সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান। এসময় সভায় শাহরাস্তি থানায় দায়িত্বরত সকল পুলিশ কর্মকর্তা,ফাঁড়ির ইনচার্জবৃন্দ, এজেন্ট ব্যাংকের মালিক, কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় বাজার ব্যবসায়ী, সাংবাদিকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান বলেন, যুগের সাথে তাল মিলিয়ে দিন দিন সম্প্রসারিত হচ্ছে ব্যাংকিং সেবা। যার ফলশ্রুতিতে স্থানীয়ভাবে এজেন্ট ব্যাংকিং জনপ্রিয়তা পাচ্ছে। তবে ইদানীং কালে কিছু এজেন্ট  মালিকদের খামখেয়ালীপনা ও ব্যাংকিং আইন মেনে না চলার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে এই সেবা। শাহরাস্তিতে সাম্প্রতিকালে অপ্রীতিকর ঘটনাগুলোর জন্য তিনি এজেন্ট মালিকদের দায়িত্বহীন কর্মকান্ডকেই দোষারোপ করে, আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন।
প্রধান অতিথি মোঃ আবুল কালাম চৌধুরী তার বক্তব্যে বলেন, শাহরাস্তিতে বিগত কয়েকদিনে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মকর্তাগণই। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহবান জানান। সেইসাথে প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা প্রতিস্থাপন ও ব্যাংকিং আইন মেনে চলার আহবান জানান।
শাহরাস্তি থানা পুলিশ এজেন্ট ব্যাংকিং পরিচালনায় দিক নির্দেশনামূলক লেখা সম্বলিত একটি তালিকা মতবিনিময় সভায় আগত সবার হাতে তুলে দেন।
উল্লেখ্য, শাহরাস্তিতে গত কয়েক দিনে আয়নাতলী ও বেরনাইয়া বাজারে তিনটি এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন