প্রকাশের সময়: শুক্রবার, ৬ মে, ২০২২ । ৫:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ডাকাত দলের সংঘর্ষ, গুলিতে সর্দার নিহত

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে দুই দল নৌডাকাতের মধ্যে সংঘর্ষে একদলের সর্দার উজ্জ্বল মিজি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) মধ্যরাতে উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার মুন্সিগঞ্জের নৌডাকাত সর্দার তার অনুসারীদের নিয়ে ষাটনল এলাকায় আনন্দ উৎসবের আয়োজন করে। রাতে সেখানে হানা দেয় তাদের প্রতিদ্বন্দ্বী উজ্জ্বল খালাসী বাবলা ও তার দল।

এ সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে ডাকাত সর্দার উজ্জ্বল মিজি গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত সর্দার উজ্জ্বল মিজি মারা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই দল ডাকাতের বাড়িই মুন্সিগঞ্জ জেলায়। তারা দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতিসহ নানা অপরাধে জড়িত।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত উজ্জ্বল মিজিকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় পরে সেখানে তাঁর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে উজ্জ্বল মিজির নামে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মতলব উত্তর থানায় আগের ১২টি মামলা রয়েছে।

অন্যদিকে নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, এ ঘটনার পর মেঘনা নদীতে নৌপুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন