মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার গুড়িয়ে দিয়ে মেশিন জব্দ করলেন এসিল্যান্ড। শুক্রবার(১০- জুন) বিকেলে সুচিপাড়া উত্তর ইউপির শোরসাক এলাকায় এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি সহকারি কমিশনার (ভূমি) এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সে এলাকায় অভিযানে যান। সেখানে গিয়ে জনৈক মনির হোসেনের স্থাপন করা অবৈধ ড্রেজার মেশিন শাহরাস্তি উপজেলার শোরসাক মৌজায় মাটি ভরাটের কাজে দেখতে পান। ততক্ষণে ওই কাজে যুক্ত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কেটে পড়ে ।
পরে সহকারী কমিশনার ভূমি মোঃ আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার মেশিনের দুটি ইঞ্জিন জব্দ করে ওই কাজে স্থাপন করা পিভিসি পাইপের কিছু অংশ বিনষ্ট করে দেন।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ওই ড্রেজারের মালিককে ইতোপূর্বে মৌখিক সতর্ক করা হলেও সে (শুক্রবার -শনিবার) প্রশাসনের বন্ধের দিন কে কাজে লাগিয়ে মাটি উত্তোলনে লিপ্ত হতো । এ ছাড়া পানিওয়ালা ডলটা দোয়াভাঙ্গা সড়কের রাস্তার কোলঘেঁষে ওই স্থানে ড্রেজারে মাটি উত্তোলন করলে আসন্ন বর্ষা মৌসুমে ডাকাতিয়ার প্রবল ঢেউয়ে রাস্তাটি টিকে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়তো।

অনলাইন ডেস্ক