প্রকাশের সময়: রবিবার, ১৯ জুন, ২০২২ । ২:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে সর্বত্র।

জানা যায়, স্থানীয় সরকারের অধীনে ইউপি নির্বাচনের ৮ম ধাপের নির্বাচন ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে। ৯ম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা করে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২৭ জুলাই খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে প্রার্থীতা জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ইউনিয়নের নাগরিকদের মন জয়ের চেষ্টায় তৎপর হয়ে পড়েছেন তারা। সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা প্রার্থীরা বিভিন্ন রংয়ের ডিজিটাল ব্যানার ফেস্টুন টানিয়ে পরিচিত হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশগ্রহণের পাশাপাশি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে দলীয় মনোনয়নের আশায় জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলছেন। প্রার্থীদের এমন তৎপরতার ফলে ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

এদিকে খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করতে নির্বাচনী মাঠে আওয়ামী লীগের প্রার্থীরা প্রচার-প্রচারণা করতে দেখা গেলেও বিএনপির কোন প্রার্থীর নাম এখনো শোনা যায়নি। এনিয়ে মাঠ পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রস্তাবকারী ও সমর্থণকারীর মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করছেন চেয়ারম্যান প্রার্থীরা। পরে যাচাই-বাচাই শেষে ইউনিয়ন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে প্রার্থীদের নামের তালিকা প্রেরণ করা হবে। এরপর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী ঘোষণা করবেন। আর এ কারণেই সম্ভাব্য প্রার্থীদের কাছে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতাদের কদর বেড়েছে।

ইতোমধ্যে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে যারা প্রার্থীতা ঘোষণা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহাঙ্গীর মিয়াজী, আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি এবিএম মুসা তালুকদার।

এদিকে গতকাল ১৯ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নৌকা মার্কা মনোনয়নের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার ও ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি এবিএম মুসা তালুকদার।

উল্লেখ্য; মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ জুন, যাচাই-বাচাই ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ জুলাই এবং ভোট গ্রহণ ২৭ জুলাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন