মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন। ২৬ জুন বিকাল ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সৈয়দ মনজুর হোসেন রিপনকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা যায়।
দ্বিতীয় বারের মতো খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে এক প্রতিক্রিয়ায় সৈয়দ মনজুর হোসেন রিপন মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, জনগণের জন্য কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। আমি আমার ইউনিয়নবাসীর ভালোবাসার পাত্র হয়ে বেঁচে থাকতে চাই। তিনি তাঁর এলাকার সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক