মাসুদ হোসেন : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মকবুল আহমেদ আখন্দ (৮০) রবিবার (৩ জুলাই) বিকাল ৫টার সময় বার্ধক্যজনিত কারনে ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি…….রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অত্র প্রতিষ্ঠানের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদার। শোক বার্তায় তিনি বলেন, মরহুম আলহাজ্ব মকবুল আহমেদ আখন্দের মৃত্যুতে কলেজ পরিবার মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সততা ও একাগ্রতার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন। আমি বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
জানা যায়, মকবুল আহমেদ আখন্দ উপজেলার ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের রামরা গ্রামের আখন বাড়ির সন্তান। তিনি বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ, বাকিলা ইউনিয়নের শ্রীপুর মকবুল আহমেদ ইসমাইলিয়া দাখিল মাদ্রাসা, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের প্রতিষ্ঠাতা। এবং নিজ বাড়ির সামনে একটি এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠা করে গেছেন তিনি। আলহাজ্ব মকবুল আহমেদ আখন্দ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ৩২নং ওয়ার্ড তথা মতিঝিল এলাকা থেকে তিনবার কমিশনার পদে বিজয়ী হয়েছিলেন।
আলহাজ্ব মকবুল আহমেদ মৃত্যুকালে তিন সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন এবং সোমবার তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।
তার মৃত্যুতে প্রতিষ্ঠিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মরহুের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

অনলাইন ডেস্ক