সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জ পশ্চিম বাজার বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে শিশু কথা। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ওই সময় আনন্দ প্যালেসে উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটুর মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল।
শিশু কথা ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের কাঠালী গ্রামের আলমগীর কবির মিলনের ছোট মেয়ে। কথারা তিন বোন এক ভাই। তারা থাকেন হাজিগঞ্জ ট্রাক রোডস্থ এলাকার ভাড়া বাসায়।
শুক্রবার দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারের পৌর বাস টার্মিনাল এলাকার আনন্দ প্যালেসের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মা রাস্তার পাশে দাঁড়িয়ে সহকর্মী নারীদের সাথে খোশগল্পে মেতেছিল। এদিকে শিশুটি মায়ের হাত থেকে ছুটে গিয়ে দৌড়ে রাস্তা পারাপার হচ্ছিল। ওই সময় চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী একটি ট্রাক কথা’কে চাপা দিলে মারাত্মক ভাবে জখম হয়।
তার বয়স ৮ বছর। দুর্ঘটনায় তার একটি পায়ের হাড় ভেঙে গেছে। বর্তমানে শিশু কথা কুমিল্লার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটির গতিরোধ করে চালক কে আটক করে দাওয়াত খেতে আসা পুলিশ সদস্যদের কাছে তুলে দেয়। এসময় প্রায় ৩০ মিনিট সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোপী দাস তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে চালককে আটক ও ট্রাকটিকে জব্দ করেন।

অনলাইন ডেস্ক