প্রকাশের সময়: শনিবার, ১৩ আগস্ট, ২০২২ । ৩:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় অবৈধ ড্রেজার জব্দ

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড করবন্দ এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটওয়ারীর বাড়ির দক্ষিণ পার্শ্বে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার একটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে ভ্রাম্যমান আদালতে ড্রেজার মেশিনটি জব্দ করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
জানা যায় শনিবার অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুরে মতলব দক্ষিণে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজিংয়ে চলছে বালি উত্তোলনের মহোৎসব শিরোনামে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এরপর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এলে ড্রেজারের মালিক রফিকুল্লাহ ও জমির মালিক মুকবুল পাটওয়ারী মুকুল দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। তাদের দুজনের একজনকেও না পাওয়ায় ড্রেজার মেশিনটি জব্দ করে ইউপি চেয়ারম্যানের নিকট হস্তান্তরের মাধ্যমে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং বেশ কয়েকটি ড্রেজারের পাইপ ধ্বংস করে দেওয়া হয়।
এদিকে এসি ল্যান্ড আসার খবর পেয়ে ড্রেজার মালিক মেশিনগুলো খুলে অন্যত্র লুকিয়ে রেখেও কোন লাভ হয়নি। এছাড়াও ওই এলাকায় যত ড্রেজার মেশিন চলমান রয়েছে সবগুলো তুলে নেয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, আমরা আসার খবর পেয়ে ড্রেজার মালিক ও জমির মালিক পালিয়েছে। ড্রেজার মেশিনটি জব্দ করে নেয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রধানীয়া, স্থানীয় ইউপি সদস্য মোঃ এমদাদ হোসেন, মতলব দক্ষিণ থানা পুলিশ সদস্য, ইউনিয়ন ভূমি অফিস সহকারীসহ গ্রাম পুলিশ ও এলাকাবাসী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন