মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গননা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে।
ভোটার তালিকা হালনাগাদ-২০২২ কার্যক্রম আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামশেদুল ইসলাম সিকদার। পরে ৭ অক্টোবর হতে ১৭ নভেম্বর পর্যন্ত ২০টি নির্দিষ্ট রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তোলা হবে বলে জানান তিনি।
২০০৭ এর জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম তাদের তথ্য তালিকাভূক্ত করা হবে। চাঁদপুর সদর উপজেলায় চাঁদপুর পৌর এলাকার ১৫টি ওয়ার্ড ও ১৪টি ইউনিয়নে ৪৪ জন সুপারভাইজার ও ২০৩ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম তালিকাভূক্ত করবেন বলে জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা।
উপজেলায় ৭.৫% হারে সম্ভাব্য নতুন ভোটার সংখ্যা ২৯ হাজার ৬০৫ জন। এর মধ্যে- চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৮ হাজার ৮৭০ জন, ১নং বিষ্ণপুরে ১ হাজার ৯৭৫, ২নং আশিকাটিতে ১ হাজার ৬৮২ জন, ৩নং কল্যাণপুরে ১ হাজার ৫৩ জন, ৪নং শাহমাহমুদপুরে ১ হাজার ৭৪৮ জন, ৫নং রামপুরে ১ হাজার ৫৩৭ জন, ৬নং মৈশাদীতে ১ হাজার ৫৮ জন, ৭নং তরপুরচন্ডীতে ৮৩১ জন, ৯নং বালিয়াতে ২ হাজার ১২৬ জন, ১০ লক্ষ্মীপুরে ২ হাজার ৪৫০ জন, ১১নং ইব্রাহিমপুরে ৭১৫ জন, ১২নং চান্দ্রাতে ১ হাজার ৯৫২ জন, ১৩নং হানারচরে ৫৪৫ জন ও ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে ৯৮৭ জন।
এ নিয়ে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি, পিতা ও মাতার আইডি (NID) ফটোকপি, স্বামী/স্ত্রীর আইডি ফটোকপি, শিক্ষা সনদের ফটোকপি (যদি থাকে), রক্তের গ্রুপ পরিক্ষার সার্টিফিকেট, হোল্ডিং টেক্স রশিদের ফটোকপি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র ইত্যাদি দিয়ে ভোটার হওয়ার জন্য তথ্য সংগ্রহকারীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।

অনলাইন ডেস্ক