মাসুদ হোসেন : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৭ সেপ্টেম্বর) চাঁদপুর শহরের কালিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম লেখার দায়ে এলজি-বাটারফ্লাই শো-রুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর ভোক্তা অধিদপ্তর।
এছাড়াও কালীবাড়ি সংলগ্ন হাজী বিরিয়ানি হাউজে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়া এবং বাথরুমের কমেডের পাশেই খাবার রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ বিহীন বেকারী পণ্য বিক্রির দায়ে বনফুল কেক ও ফাস্ট ফুডকে ৫ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদেরকে সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করেন নূর হোসেন।

অনলাইন ডেস্ক