প্রকাশের সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ । ৩:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে শিক্ষক কারাগারে 

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে হুমায়ুন কবির পাটোয়ারী (৫০) নামে এক প্রাথমিকের শিক্ষক কারাগারে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেলদিয়া গ্রামে।

হুমায়ুন কবির পাটোয়ারী উপজেলার চরপয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সে দেলদিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মমতাজ উদ্দিন পাটোয়ারীর ছেলে।

ঘটনার শিকার আবুল বাশার পাটোয়ারী হুমায়ুন কবির পাটোয়ারীর চাচাতো ভাই। তাঁর বাবার নাম মিয়া রাজা পাটোয়ারী।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষক হুমায়ুন কবির পাটোয়ারীর সঙ্গে বিদেশ ফেরত তাঁর চাচাতো ভাই আবুল বাশার পাটোয়ারীর সাথে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে গতকাল রোববার গভীর রাতে আবুল বাশার পাটোয়ারীকে ফাঁসানোর জন্য কৌশলে তাঁর বসত ঘরের খাটের নিচে ৪০ পিস ইয়াবা বড়ি রেখে আসে হুমায়ুন কবির পাটোয়ারী।

তিনি আবুল বাশার পাটোয়ারীর ঘরে ইয়াবা বড়ি আছে জানিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই বসতঘর থেকে ৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের দুজনকেই থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্র আরও জানায়, থানায় আনার পর জিজ্ঞাসাবাদে পুলিশ আসল ঘটনা জানতে পারে। শিক্ষক হুমায়ুন কবির পাটোয়ারীও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশকে তাঁর চাচাতো ভাইকে (আবুল বাশার) ইয়াবা দিয়ে ফাঁসানোর কথা স্বীকার করেন। পরে পুলিশ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাঁকে। অন্যদিকে জিজ্ঞাসাবাদ শেষে আবুল বাশারকে ছেড়ে দেওয়া হয়।

আবুল বাশার পাটোয়ারী অভিযোগ করে বলেন, একজন শিক্ষক হয়েও তাঁর ওই চাচাতো ভাই তাকে ফাঁসানোর জন্য তাঁর ঘরে ইয়াবা রেখে দেন। এটি একটি ঘৃণ্য কাজ। জমির বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছেন তিনি। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। কারাগারে থাকায় হুমায়ুন কবিরের বক্তব্য নেওয়া যায়নি। তবে তাঁর পরিবারের সদস্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক ওই শিক্ষককে আসামি করে থানায় মামলা হয়েছে। আজ বিকেলে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করা হয়েছে ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন