নিজস্ব প্রতিবেদক: ১০ দফা দাবি আদায়ে তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে।
১১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের কাশিমবাজার এলাকায় বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ বিএনপির।
হামলার ঘটনায় বিএনপির ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে আহতদেরকে দলীয় নেতাকর্মীরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
আহতরা হলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল হাসান (৫২), সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলম খান মঞ্জু(৩৫), সাবেক ইউপি সদস্য শফিউদ্দিন বন্দুকশী (৬২),ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর সরদার(৪০), যুগ্ম আহ্বায়ক মোঃ তুহিন বন্ধুকসী(৩১), সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল খান (৪৮), ছাত্রদল নেতা আব্দুল গফুর খন্দকার (২৬), কাওসার আখন্দ(২৫)।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলম খান মঞ্জু জানান, ইউনিয়নের কাশিমবাজার এলাকায় শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলছিল, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক ইউনিয়নের নেয় আমাদের নেতাকর্মীরাও পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমাদের কর্মসূচি চলাকালীন অবস্থায় হঠাৎ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা কয়েকটি মোটরসাইকেল সহ মিছিল নিয়ে এসে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে। এতে আমাদের অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়। আহতদেরকে দ্রুত আমরা চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেতাকর্মিলা নিয়ে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, এ বিষয়ে আমরা কোন অবগত নই, আমাদের কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

অনলাইন ডেস্ক