মোজাম্মেল প্রধান হাসিব : যথাযোগ্য মর্যাদায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দোয়া মোনাজাত।
একুশে ফেব্রুয়ারি সকাল ৮টায় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনার থেকে প্রভাতফেরি শুরু হয়ে বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।
এর পর বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক ইকবাল হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল লতিফ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনা খাতুন, ফারজানা ইসলাম, মো. মাঈনুল ইসলাম টিপু, মনির হোসেন, অসীম গাইন, রিফাত পাটোয়ারী, সাইফুল ইসলাম, রুবেল হাসান প্রমুখ। পরে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনলাইন ডেস্ক