প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ । ৯:১৪ এম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদ দেখা নিয়ে আবহাওয়া অফিসের ঘোষণায় ‘পরিবর্তন’

নিজস্ব প্রতিনিধি

শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে যে ঘোষণা দিয়েছিল তাতে পরিবর্তন এনেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছিল, ‘২১ এপ্রিল, শুক্রবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে।’ সেই ঘোষণায় পরিবর্তন এনেছে আবহাওয়া অধিদপ্তর।

১৯ এপ্রিল, বুধবার রাতে অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ঘোষণাটি সরিয়ে নেওয়া হয়। পরে রাতেই আরেকটি ‘প্রশাসনিক মেসেজ’ জারি করা হয়।

তাতে ‘২১ এপ্রিল বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে’ পরিবর্তন করে বলা হয়, ‘চাঁদের অবস্থানগত কারণে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।’

চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদনে বলা হয়েছিল, ২১ এপ্রিল চন্দ্র তিথির দ্বিতীয়া। এ সময় চাঁদের বয়স হবে এক দশমিক ৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়িত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড।

কিন্তু সুনির্দিষ্ট করে ‘চাঁদ দেখা যাবে’ বলায় বিষয়টি নিয়ে সরকারের মধ্যে সমালোচনা শুরু হয়। কারণ চাঁদ দেখার বিষয়টি চূড়ান্ত করে ‘জাতীয় চাঁদ দেখা কমিটি’।

ইসলামি শরিয়াহ অনুযায়ী, খালি চোখে চাঁদ দেখা সাপেক্ষে চান্দ্রমাস শুরু করতে হয়। তাই আবহাওয়া অধিদপ্তর চাঁদ দেখা নিয়ে তাদের বক্তব্যে সংশোধন এনেছে।

এদিকে শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ৬৪ জেলা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিটি।

বাংলাদেশের আকাশে কোথাও ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন