তীব্র রোদ আর প্রচন্ড গরমেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাঁদপুর বড় স্টেশন ত্রি নদীর মোহনায় মেতেছেন দর্শনার্থীরা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী ঘিরে শহরের চাঁদপুর বড়স্টেশন মোলহেডে তৈরি হয়েছে দর্শনীয় স্থান। দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা কেউ চাঁদপুর এলে সবার আগে বড় স্টেশন মোলহেডে ঘুরতে যান। এ কারণে স্থানটি দেশব্যাপী বেশ জনপ্রিয়।
শনিবার (২২ এপ্রিল) মুসলিম জাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল থেকে রাত অবদি ত্রি নদীর মোহনায় ছিল পর্যটকদের উপচেপড়া ভিড়। ঈদের ছুটিতে বাড়িতে আসা বিনোদন প্রিয় মানুষের যেন বাঁধভাঙ্গা জোয়ার বইছে ওই এলাকায়। বিশেষ করে উঠতি বয়সের কিশোর যুবকরা এখানে আসতে দেখা যায়। সেই সাথে অনেকে পরিবার পরিজন নিয়েও এসেছে এই পর্যটন কেন্দ্রে।
এই ছুটিতে অনেকেই দীর্ঘ দিন পর এসেছেন গ্রামের বাড়িতে। পরিবার-পরিজন নিয়ে দুপুরের পর থেকে তারা ছুটে আসে চাঁদপুরের অন্যতম বিনোদন কেন্দ্র ত্রি-নদীর মোহনায়। সেই সাথে রয়েছে পদ্মা-মেঘনা বুকে জেগে ওঠা বালুর চর। যা সম্প্রতি মিনি কক্সবাজার নামে খ্যাত। সেখানেও হাজার হাজার পর্যটকদের এক মিলনমেলা। যদিও এখানে রয়েছে ঝুঁকি আর বিড়ম্বনা। সকালের চেয়ে বিকেলের দিকে পর্যটকদের ভিড় বেশী হয়। বিকেলের আবহাওয়ায় অনেকেই পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবকে নিয়ে ঘুরে ফিরে আনন্দ করে।
দিনের ক্লান্তিময় লাল আভার সূর্যের অস্তমিত দৃশ্য দেখতেই এ স্থানে মানুষ ছুটে আসে। এখানে দাঁড়ালে খুব স্পষ্টভাবে পশ্চিম দিগন্তের সূর্যাস্ত দেখা যায়। এই মিলনস্থলে সূর্যাস্তের দৃশ্য সমুদ্র সৈকতের দৃশ্যকেও হার মানায়। এদিকে এ এলাকাকে কেন্দ্র করে চাঁদপুর-লাকসাম রুটে চলাচলকারী ট্রেনেও ছিল পর্যটকদের উপচেপড়া ভিড়।

সাইদ হোসেন অপু চৌধুরী