শাহরাস্তিতে স্পেশাল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সিদ্দিক নামের এক মানসিক রোগীর।
মঙ্গলবার আনুমানিক ভোর রাত ৪.৩০ ট্রেনে চাঁদপুর লাকসাম রেল সড়কের শাহরাস্তি পৌরশহরের সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা সুএ জানায়, নিহত সিদ্দিকুর রহমান (৪০) শাহরাস্তি পৌর শহরের ৪ নং ওয়ার্ডের সাহাপুর পাঁচআনি বাড়ির আবদুল মতিনের পুত্র। ৯০ দশকে তিনি পৌরসভার নাওড়া এলাকায় ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
ওই সময় অজ্ঞাত কারণের ব্যবসায় ঋণগ্রস্ত হয়ে মানসিক রোগী হিসেবে সমাজে আত্মপ্রকাশ করেন তিনি । কিছুদিন যেতেই প্রিয়তমা স্ত্রী তাকে রেখে পাড়ি জমান বাপের বাড়িতে। তারপর সিদ্দিকের মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে পড়লে জীবন ও জীবিকার দায়িত্ব নেন স্থানীয় বাসিন্দারা।
এভাবে গত ৩০ থেকে ৩৫ বছর নাওড়া রেলগেট এলাকায় স্থানীয়দের দেওয়া খাবার খেয়ে পরিবার -পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে ছিলেন তিনি।
স্থানীয় ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান জানান, যখনই এ পথে গাড়ি (ট্রেন) আসা যাওয়া করতো তখনই সে রেললাইনে উঠে অস্বাভাবিক আচরণ করতো।
স্থানীয়রা আরো বলছেন, হয়তো ওই স্পেশাল ট্রেনের শব্দ শুনে একেই কান্ড ঘটিয়ে থাকতে পারেন তিনি। রাতের অন্ধকার হওয়ায় পথচারী কেউ না থাকায় তাকে হয়তো বা রক্ষা করা সম্ভব হয়নি। এতে সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক নামের একটি জীবনের গল্পের পরিসমাপ্তি ঘটলো।
মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোঃ মাসুদ রানা