প্রকাশের সময়: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ । ৪:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উন্নয়নের স্বার্থে পর্যটন শিল্পের বিকাশ অপরিহার্য : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, যেকোনো দেশের জন্য পর্যটন একটি সম্ভাবনাময় বড় খাত। দীর্ঘদিন ধরে এই খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ তেমন ভালভাবে হতে পারেনি। বিদেশি বিনিয়োগ নাই বললে চলে। বিদেশি বড় বিনিয়োগ ছাড়া পর্যটন খাতকে কোনোক্রমেই বিদেশিদের মাঝে আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে না। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া প্রভৃতি দেশে শুধুমাত্র বিদেশি আকর্ষণীয় বিশাল বিনিয়োগের মাধ্যমে জমজমাট ব্যবসা চলেছে। আমাদেরকেও অনুরূপ চিন্তা ভাবনা করতে হবে।

শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্র পরিদর্শন করে তিনি একথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে পর্যটন শিল্পকে বড় শিল্পখাত হিসেবে দাঁড় করাতে হলে দীর্ঘমেয়াদি ও বিদেশি বিনিয়োগ প্রয়োজন। উন্নতমানের আকর্ষণীয় ও নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলে বিদেশি পর্যটক আমাদের দেশে প্রচুর আসবে। পর্যটকরা কেনো সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে। এ ক্ষেত্রে নিরাপত্তা সব চেয়ে বড়। দ্বিতীয়ত: আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।

বিনোদনের সুন্দর ও নতুন নতুন আইটেম। অনুরূপ আকর্ষণীয় বিনোদনমূলক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলে পর্যটক আসবে। এ খাত থেকে লাভবান হওয়া যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন সিকদার, মতলব উত্তর উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, ইঞ্জিনিয়ার রেজাউল করীম, শহীদ উল্লাহ প্রধান, শাখাওয়াত হোসেন সরকার মুকুল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন