প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ । ৯:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি

মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় চাঁদপুর-৩ আসনের মাটি ও গণমানুষের নেত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পৌর মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে নয়টায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ফেইসবুক লাইভের মাধ্যমে পুস্পস্তবক অর্পণের দৃশ্যটি সরাসরি সম্প্রচারিত করা হয়। সকাল ৯:৩৫টায় কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয়ের নেতৃত্বে শিল্পকলা একাডেমি পর্যন্ত শোক র‌্যালি বের করা হয়। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে গত ১৪ আগস্ট সকাল দশটা থেকে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট সকাল ১১:৩০টায় কলেজ শিক্ষক-পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাদ যোহর কলেজ কেন্দ্রীয় মসজিদ ও হোস্টেল মসজিদে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন