শাহরাস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউপি’র শোরশাক বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র ও ক্ষতিগ্রস্ত দোকানি এবং ফায়ার সার্ভিস জানায়, বুধবার আনুমানিক রাত ৩ টার দিকে ওই বাজারের কোন একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে ওই আগুনের লেলিহান শিখা বাজারের ২টি ফার্মেসি, ২টি মুদি দোকান এবং ২ টি খাবার হোটেলে ছড়িয়ে পড়ে। এতে সঞ্জয় শীলের মেডিসিনের দোকান মুনফার্মা,সিরাজুল ইসলামের পপুলার মেডিসিন কর্নার, শাহ মিরানের মুদি দোকান, শাহ আলমের আলম স্টোর মুদি দোকান, ইমাম ভান্ডারীর চায়ের দোকান এবং নুরুল ইসলামের খাবার হোটেল আগুনে ভস্মীভূত হয়।
ওই সংবাদ চারদিকে দিকে চাউর হতেই শাহরাস্তি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আলী মিয়ার নেতৃত্বে একদল ফায়ারম্যান ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস লিডার আলী মিয়া জানান,আগুন নিয়ন্ত্রণে আসায় ওই বাজারের ৩০ লক্ষ টাকার সম্পদ রক্ষা করা গেছে । এছাড়া দোকানিরা তাদের ক্ষতি প্রসঙ্গে বলেন, অন্তত তাদের ২০ থেকে ২৫ লক্ষ টাকার অবকাঠামো মালামাল বাবদ ক্ষতি সাধন হয়।
পরে ওইদিন দুপুরে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান মিন্টু , ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও আর্থিক সহায়তার আশ্বাস দেন।

মোঃ মাসুদ রানা